বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্বমঞ্চে

সমতল মাতৃভূমি ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদরদপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’-এ সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পাঁচ দিনের সফরে গত সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদ জানিয়ে একই স্থানে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ—বর্তমানে যার কার্যক্রম নিষিদ্ধ—এবং এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

পাঁচ দিনের সফরে ব্যস্ত কর্মসূচি

যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ অন্যরা।

বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

একই স্থানে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ফুল ও করতালি দিয়ে স্বাগত জানান নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

পরে জেএফকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে। সেখানে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক শাহীন, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুসহ অনেকে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলেই অবস্থান করবেন। আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে তাঁর।

বিশ্বমঞ্চে ‘নতুন বাংলাদেশ’-এর রূপরেখা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ১৫ মিনিটের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, অর্থনৈতিক স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট রূপরেখা উঠে আসবে বলে জানা গেছে।

একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে ভাষণ দিয়েছেন। তাঁরা দুজনই প্রয়াত।

তারেক রহমান তাঁর বাবার অর্থনৈতিক দূরদর্শিতা এবং মায়ের রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্বের উত্তরাধিকার ধারণ করে বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করবেন বলে জানা গেছে।

এ ছাড়া একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব এবং বৈশ্বিক ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার কর্মসূচির শুরুতেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে প্রাতঃরাশে অংশ নেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজসহ বিভিন্ন কর্মসূচিতেও প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর অংশ নেওয়ার কথা রয়েছে।

‘প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ইতিহাসের অংশ’

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, দেশপ্রেম, আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যাবে—এসব বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

সোমবার স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্কে পৌঁছানোর পর ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা ইতিহাসের একটি অংশ।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মাহদী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বমঞ্চে বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান, ভিশন ও পরিকল্পনা তুলে ধরেছিলেন। ইতিহাসের ধারাবাহিকতায় আজ তাঁদের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে বাবা-মায়ের মতো দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশের স্বার্থ ও অধিকারের কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ এবং ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।