ডাকাতির তথ্য দেওয়া ব্যক্তিকেই আটক করে নিয়ে গেছে পুলিশ। ছবি: সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অর্ধ শতাধিক পুলিশ সদস্যের একটি দল পুরো বনশ্রীর সি ব্লক ঘিরে ফেললেও অভিযানে কথিত ডাকাত দলের কাউকেই পাওয়া যায়নি।
অভিযান শেষে চাঞ্চল্যকর মোড় নেয় ঘটনাটি। ডাকাতির তথ্য দেওয়া ব্যক্তিকেই আটক করে নিয়ে যায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর বনশ্রীর ২ নম্বর সড়কের সি ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা যায়, বনশ্রীর ওই এলাকায় একটি ডাকাত দল অবস্থান করছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে প্রায় ৬০ জন পুলিশ সদস্য পুরো সি ব্লক ঘিরে ফেলেন।
অভিযানে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় ধরে অভিযান ও তল্লাশি চললেও সেখানে কোনো কথিত ডাকাত দলের সদস্যকে পাওয়া যায়নি। ফলে ডাকাতির তথ্যটি শেষ পর্যন্ত কতটা সত্য ছিল, তা নিয়েই তৈরি হয় নানা প্রশ্ন।
পরে পুলিশ তথ্যদাতার বিষয়ে খোঁজখবর নিয়ে তাকেই আটক করে। পুলিশ সূত্রের দাবি, আটক ব্যক্তির বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
তবে ওই ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলো কী ধরনের, সেগুলোর বিস্তারিত তথ্য এবং ডাকাতির কথিত তথ্য দেওয়ার সঙ্গে তার কোনো উদ্দেশ্য বা সম্পৃক্ততা ছিল কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, বনশ্রীর মতো জনবহুল এলাকায় ডাকাতির খবর পেয়ে একসঙ্গে বিপুলসংখ্যক পুলিশের অভিযান এবং পরে তথ্যদাতাকেই আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
ঘটনাটি নিয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
