রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৃত শাশুড়ির কার্ডে সাড়ে ৩ বছর চাল উত্তোলন, ইউপি সদস্য বাবলুর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কার্ড বাতিলের কথা বলে মূল কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ; ডিলারের দাবি, এক বছর ধরে সদস্যই তুলছেন চাল। ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড ঘিরে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। মৃত নারীর নামে বরাদ্দ সরকারি চাল সাড়ে তিন বছর ধরে উত্তোলন করা হলেও প্রকৃত উপকারভোগী পরিবারটি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করেছে। এ ঘটনায় দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবলু মিয়ার বিরুদ্ধে মৃত শাশুড়ির কার্ড ব্যবহার করে সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলেছেন পুত্রবধূ আম্বিয়া বেগম।

গত ১৬ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত, আত্মসাৎ করা চালের ক্ষতিপূরণ ও অভিযুক্ত সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের বাসিন্দা আম্বিয়া বেগমের শাশুড়ি আমেনা বেগম প্রায় সাড়ে তিন বছর আগে মারা যান। মৃত্যুর পরও তার নামে বরাদ্দ থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৯ নম্বর কার্ডটি ব্যবহার করা হয়। প্রথমদিকে দুই-তিনবার চাল উত্তোলনের পর কার্ডটি বাতিল হয়ে গেছে বলে আম্বিয়া বেগমকে জানান ইউপি সদস্য বাবলু মিয়া।

অভিযোগকারীর দাবি, স্বামী কিংবা নিজের নামে নতুন কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বাবলু মিয়া তার কাছ থেকে মূল কার্ড, জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে যান। কিন্তু নতুন কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা পাওয়ার আশায় অপেক্ষা করেও শেষ পর্যন্ত বঞ্চিত হন তিনি।

সম্প্রতি কার্ডটির প্রকৃত অবস্থা জানতে স্থানীয় খাদ্য অফিসে খোঁজ নেন আম্বিয়া বেগম। সেখানে জানতে পারেন, মৃত আমেনা বেগমের নামে থাকা ১৬৯ নম্বর কার্ডটি এখনো সচল রয়েছে। বিষয়টি আরও নিশ্চিত হতে চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে বেরিয়ে আসে নতুন তথ্য। ডিলারের ভাষ্যমতে, ওই কার্ডের চাল দীর্ঘদিন ধরে ইউপি সদস্য বাবলু মিয়াই উত্তোলন করে আসছেন।

আম্বিয়া বেগমের অভিযোগ, শাশুড়ির মৃত্যুর পর দুইবার চাল পাওয়ার পর মেম্বারের কথায় বিশ্বাস করে মূল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র তার হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু এরপর আর সরকারি সহায়তা পাননি। খাদ্য অফিস ও ডিলারের কাছ থেকে কার্ড সচল থাকার এবং চাল উত্তোলনের তথ্য জানার পর তিনি ইউএনওর কাছে অভিযোগ করেন।

অভাবের সংসারে সরকারি চালের সহায়তা পেলে কিছুটা স্বস্তি মিলত উল্লেখ করে আম্বিয়া বেগম বলেন, তিনি শুধু নিজের পরিবারের প্রাপ্য খাদ্যসহায়তা চেয়েছিলেন। অথচ দীর্ঘদিন ধরে সেই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আত্মসাৎ করা চালের ক্ষতিপূরণ এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

কার্ডটি ইউপি সদস্যের কাছে থাকার বিষয়ে ডিলার মো. শফিকুল ইসলামের বক্তব্যও অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে। তিনি জানান, এক বছর আগে ডিলারশিপ পাওয়ার পর থেকেই ইউপি সদস্য বাবলু মিয়া ওই কার্ড নিয়ে এসে তার কাছ থেকে চাল উত্তোলন করেছেন।

তবে আম্বিয়া বেগমের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য মো. বাবলু মিয়া। তিনি দাবি করেন, আমেনা বেগম কিংবা আম্বিয়া বেগম কাউকেই তিনি চেনেন না। তাদের কাছ থেকে কোনো কার্ড, জাতীয় পরিচয়পত্র বা অন্য কাগজপত্র নেওয়ার কথাও অস্বীকার করেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে একটি মহল তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করে অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন বাবলু মিয়া।

অন্যদিকে, অভিযোগপত্র এখনো হাতে পাননি বলে জানিয়েছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযোগকারী নারীকে তার দপ্তরে এসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মৃত ব্যক্তির নামে বরাদ্দ কার্ড সচল রেখে চাল উত্তোলনের অভিযোগ এবং প্রকৃত উপকারভোগী পরিবারের বঞ্চনার ঘটনায় স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ব্যবস্থাপনা ও চাল বিতরণের স্বচ্ছতা নিয়ে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কার্ডের প্রকৃত অবস্থা, চাল উত্তোলনের হিসাব এবং দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।