মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জামিনে মুক্তির পর বিদেশে বসে অপরাধ সাম্রাজ্য পরিচালনার অভিযোগ, চাঁদাবাজি-দখলে ফের সক্রিয়; পরিচয় গোপন করে পুলিশের চোখ ফাঁকি দিলেও শেষ রক্ষা হয়নি। শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পেয়ে ফের অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কখনো বিদেশে অবস্থান করে, কখনো পরিচয় গোপন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বারবার গ্রেপ্তার এড়ালেও শেষ পর্যন্ত গোয়েন্দাদের কৌশলী নজরদারি ও পুলিশের ফাঁদে ধরা পড়েন তিনি।

সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে মুক্ত হন। তাদের মধ্যে সুইডেন আসলামও ছিলেন। জামিনে মুক্তির পর তিনি বিদেশে চলে যান। সেখান থেকেই অপরাধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দেশে ফিরে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পেছনে ক্যাপিটাল বড় বাজার নামে তিনতলা মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হন সুইডেন আসলাম। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটটি এখন তার নিয়ন্ত্রণে। সেখানে ব্যবসা পরিচালনা করতে হলে তাকে চাঁদা দিতে হয়। তার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখলকেন্দ্রিক কর্মকাণ্ডেও সুইডেন আসলামের নাম উঠে এসেছে। সূত্রের দাবি, তার অনুসারীরা এ এলাকায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। গত ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যাকাণ্ডে বিনাশ নামে এক সন্ত্রাসীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যিনি সুইডেন আসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত।

বিদেশ যাতায়াতের আড়ালে অপরাধ কর্মকাণ্ড

ডিবি সূত্র জানায়, জামিনে মুক্ত হওয়ার পর গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান সুইডেন আসলাম। এরপর আগস্ট ও নভেম্বর মাসে আরও তিনবার মালয়েশিয়া থেকে একই পথে ঢাকায় আসা-যাওয়া করেন তিনি। মালয়েশিয়ায় অবস্থান করলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও তার যাতায়াত ছিল বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

বিদেশে অবস্থান করেও ঢাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ ও নিয়ন্ত্রণ বজায় রাখার অভিযোগ থাকায় তার গতিবিধির ওপর নজরদারি বাড়ায় গোয়েন্দারা। তবে বারবার অবস্থান পরিবর্তন এবং পরিচয় আড়াল করার কৌশলে তাকে ধরতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

পুরোনো ছবি দিয়ে শনাক্ত করতে গিয়ে হোঁচট

গত আগস্টে সুইডেন আসলাম একবার দেশে আসেন। তার ঢাকায় আসার খবর পেয়ে তেজগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। কিন্তু গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে তাদের সামনেই পালিয়ে যান তিনি।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অভিযানের সময় গোয়েন্দাদের কাছে সুইডেন আসলামের পুরোনো একটি ছবি ছিল। কিন্তু সময়ের সঙ্গে তার চেহারায় পরিবর্তন আসায় পুরোনো ছবির সঙ্গে বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। ওই সময় তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ‘আলী আকবার’ বলে পরিচয় দিয়ে সেখান থেকে চলে যান।

পরবর্তীতে গ্রেপ্তারের পর গোয়েন্দারা নিশ্চিত হন, সেদিন আলী আকবার পরিচয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাওয়া ব্যক্তিটিই ছিলেন সুইডেন আসলাম। পরিচয় গোপন করে এভাবে গোয়েন্দাদের বিভ্রান্ত করার ঘটনাটি তার গ্রেপ্তার এড়ানোর কৌশলের অংশ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেষ পর্যন্ত যেভাবে পুলিশের ফাঁদে

আগের অভিযানে ব্যর্থতার পর সুইডেন আসলামকে গ্রেপ্তারে নতুন কৌশল নেয় ডিবি। তার বিদেশ যাতায়াত, দেশে প্রবেশের সম্ভাব্য সময় ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সঙ্গে সমন্বয় করে গ্রেপ্তারের পরিকল্পনা সাজানো হয়।

গত ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সুইডেন আসলাম। তার দেশে ফেরার খবর পেয়ে গোয়েন্দারা দ্রুত ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন। পুরোনো একটি মামলার নথিসহ তাকে গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি পাঠানো হয়।

সেই চিঠি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান, পরিচয় গোপন করা এবং পুলিশের অভিযান এড়িয়ে চলার নানা কৌশল অবলম্বন করলেও শেষ পর্যন্ত বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থার মধ্যেই আটকে যান সুইডেন আসলাম। গোয়েন্দাদের নজরদারি, তথ্যের সমন্বয় ও পরিকল্পিত অভিযানের মধ্য দিয়ে শেষ হয় তার পালিয়ে বেড়ানোর অধ্যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।