দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পর বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে মা-বাবার কবর জিয়ারত করতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ব্যস্ত দিন শেষে তাঁর এই কবর জিয়ারতের ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও তাৎপর্য তৈরি হয়েছে।
এর আগে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। সর্বোচ্চ ভোট পাওয়ায় যথাযথ প্রক্রিয়ায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রথমেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এরপর বিকেল ৫টা পর্যন্ত একে একে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় ভোট গণনা। এ সময় নির্বাচন কমিশনের সদস্যদের পাশাপাশি চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
শেষ পর্যন্ত ভোট গণনা সম্পন্ন হলে সিইসি এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রাষ্ট্রপতি নির্বাচনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
