শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিলেন স্পিকার

সমতল মাতৃভূমি ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: ভিডিও থেকে নেওয়া

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদে স্পিকারের দপ্তরে পৌঁছে দেন। পরে বিকেল ৫টায় এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা (৩) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ ২৪ জুলাই বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

পদত্যাগের কারণ: গুরুতর স্বাস্থ্য জটিলতা

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ ব্যাখ্যা করে স্পিকার জানান, রাষ্ট্রপতি লিখিতভাবে উল্লেখ করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার রয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়ে, যার কারণে তিনি মাঝে-মধ্যে অচেতন হয়ে পড়েন।

স্পিকার বলেন, এসব রোগের প্রাদুর্ভাব এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন।

সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণ

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে স্পিকার বলেন, ‘সংবিধান অনুযায়ী যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনেরও শপথ নিয়েছি। একইভাবে ডেপুটি স্পিকারও শপথ গ্রহণের সময় এ বিষয়ে শপথ নিয়ে থাকেন।

জল্পনা-কল্পনার অবসান

রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে চলমান নানা আলোচনা-সমালোচনার প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ‘আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা চলছে। আমি দুপুরে এসেই শুনছি। কিন্তু প্রকৃত অর্থে তিনি শারীরিক অসমর্থ্যের কারণেই পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির সুস্থতা কামনা

ব্রিফিংয়ের শেষাংশে স্পিকার সাবেক রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করে বলেন, ‘আমি তার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। আমার মনে হয়, তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।