সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি অফিসে সৌরবিদ্যুৎ: স্থানীয় সরকারের সব দপ্তরে ধাপে ধাপে চালুর উদ্যোগ

বিশেষ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে পরবর্তী ধাপে দেশের অন্যান্য সরকারি দপ্তরেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহারসংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে একদিকে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়বে। সংসদ ভবনে ইতোমধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য সরকারি অফিসেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধান কার্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ চালু করা হলে সরকারের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, ধাপে ধাপে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিটি অফিসেও সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এতে একদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে, অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিয়ে স্থানীয় সরকারের রাজস্ব আহরণেরও সুযোগ সৃষ্টি হবে।

দুই কমিটি করবে বাস্তবায়ন পরিকল্পনা

সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পৃথক দুটি কমিটি গঠন করা হবে। এসব কমিটি ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো সৌরবিদ্যুৎ খাতে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে সরকারি অফিসে সৌরবিদ্যুৎ চালুর পদ্ধতি, সম্ভাব্য ব্যয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সভায় জানানো হয়, সরকারি কার্যালয়গুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করেছে। ওই পরিপত্রে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে ব্যবহারের কথা বলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ই-রিকশা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। ব্রিফিং শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

এ সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। তিনি জানান, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকির, এনডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ.কে.এম. তারেক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদসহ স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।