সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে খলনায়ক ডন

স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির, জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার আশঙ্কা রাষ্ট্রপক্ষের। ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলঅভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে (৫৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

এর আগে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি সিআইডিকে জানালে তাকে হেফাজতে নেওয়া হয়।

পরে বিকেলে সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান ডনকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। জামিনে মুক্তি পেলে তিনি দেশ ছেড়ে চিরতরে পালিয়ে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষের বিস্ফোরক দাবি

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকী বলেন, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলা। ডন এজাহারনামীয় ৪ নম্বর আসামি। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে।

শুনানিতে রাষ্ট্রপক্ষ সালমান শাহর মৃত্যুর ঘটনাকে ঘিরে মামলার বিভিন্ন অভিযোগও আদালতের সামনে তুলে ধরে।

রাষ্ট্রপক্ষের দাবি, ঘটনার দিন সালমান শাহর পরিবারের সদস্যরা ইস্কাটনের বাসায় গেলে তার সাবেক স্ত্রী সামিরা হক তাদের ভেতরে প্রবেশ করতে দেননি। পরে রাতে প্রোডাকশন ম্যানেজার সালমান শাহর পরিবারকে ফোন করে জানান, তার ‘কিছু একটা করা হয়েছে’। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সালমান শাহর মরদেহ সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়।

এ ছাড়া সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টার মামলায় গ্রেপ্তার রেজভি আহমেদ ওরফে ফরহাদ আদালতে দেওয়া স্বীকারোক্তিতে ডনের সঙ্গে সামিরার কথিত অবৈধ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছিলেন বলে রাষ্ট্রপক্ষ জানায়।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, ডন, ফারুক ও রেজভি ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করেন। প্রথমে তাকে অচেতন করা হয় এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়—এমন অভিযোগও আদালতে তুলে ধরা হয়।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

২৯ বছর পর হত্যা মামলা

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ মারা যান। তার মৃত্যুর প্রায় ২৯ বছর পর, গত বছরের অক্টোবর মাসে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী ৩০ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।