মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের অভিযানে ৫৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গত মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর, পল্লবী, উত্তরা এবং গাজীপুরের টঙ্গী এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে পল্লবীর একটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই গাড়ি থেকে মো. রাজু মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
রাজু মোল্লাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার সহযোগী মো. সুমন মিয়াকে উত্তরা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাজু মোল্লার স্ত্রী সানজিদা আক্তারকে এবং গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ৪৭ হাজার পিস ইয়াবাসহ জোৎস্না আকতার (৩০) নামে আরেক নারী মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানটি বুধবার দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত হয়।
পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার চারজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন।
