রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ফালার আঘাতে নিহত ১, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে।

এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের পরিবারের দাবি, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এ সময় মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র ফালা ছুড়ে মারা হয়। ফালাটি হালিম সর্দারের গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত হালিম সর্দারের স্বজনদের আহাজারি।বিলাপ করে শোকে ভেঙে পড়েন। ফাইল ছবি

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল পক্ষের সঙ্গে ইউসুফ মেম্বার ও মেহেদী পক্ষের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এরই জেরে শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে ফালার আঘাতে নিহত হন বলে স্থানীয়রা জানান।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।