সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকে নতুন নাটকীয় মোড়, চেয়ারম্যান হলেন খুরশীদ আলম

স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

খুরশীদ আলম। ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকিং খাতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্দোলন, পদত্যাগ ও অভ্যন্তরীণ চাপের মধ্যেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। রোববার চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের পদত্যাগের পরপরই কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত চিঠি দিয়ে নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।

ব্যাংকিং অঙ্গনে বহুল আলোচিত খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পান। তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হলেও রাজনৈতিক পটপরিবর্তনের ঝড়ে সেই মেয়াদ পূর্ণ হয়নি। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়। দীর্ঘ বিরতির পর এবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে তার প্রত্যাবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পরামর্শেই চেয়ারম্যান পদ ছাড়েন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। এর আগে সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর গত বছরের ২৩ জুলাই তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রোববার ব্যাংকটির পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভাও অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় অবস্থিত প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।

ব্যাংকপাড়ায় দিনজুড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ঘিরে। পর্ষদ সভায় এসে তিনি পদত্যাগ করবেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সকাল থেকেই। এর আগে গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আগামী ৩১ মে তার সেই ছুটি শেষ হওয়ার কথা রয়েছে।

রোববার ওমর ফারুক খান প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হলেও আন্দোলনকারীদের বাধার মুখে তিনি ব্যাংকে প্রবেশ করতে পারেননি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি ইতোমধ্যে চেয়ারম্যান বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ইসলামী ব্যাংকের ভেতরে চলমান এই টানাপোড়েন, নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এবং গ্রাহক ফোরামের আন্দোলন— সব মিলিয়ে দেশের ব্যাংকিং খাতে নতুন এক অস্থিরতার আভাস দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।