শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও পাঁচজন

বিশেষ প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী, মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও পাঁচজন যুক্ত হতে যাচ্ছেন। সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে চারজন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হতে পারেন বলে আলোচনা চলছে। সংশ্লিষ্ট পাঁচজনের একজন বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশে রাজি হননি। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। সম্ভাব্য নতুন সদস্যদের তালিকায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন আবদুল মঈন খান, হুমায়ুন কবির, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় থাকা আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচিত হন তিনি।

হুমায়ুন কবির বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। তাঁর বর্তমান পদটি প্রতিমন্ত্রী পদমর্যাদার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তাঁর দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি এ আসনে জয়ী হন। অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য।

তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

নতুন পাঁচজন যুক্ত হলে মন্ত্রিসভার পরিসর আরও বাড়বে এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টনেও আসতে পারে নতুন সমীকরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।