সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণাধীন ভবনে লুকানো সাড়ে ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন, রাতভর কোস্টগার্ডের অভিযান

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৪, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গার তীরঘেঁষা আরমানিটোলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে চালানো রাতভর অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন।

শনিবার (২২ আগস্ট) রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পাগলার একটি দল আরমানিটোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্টগার্ড সূত্র জানায়, অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালানো হয়। সেখানে একের পর এক বস্তা ও স্তূপের মধ্যে মজুত করা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের সন্ধান মেলে। পরে সেগুলো জব্দ করা হয়।

অভিযান শেষে সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা পলিথিনের মোট পরিমাণ ২৪ হাজার ২০০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা।

তবে অভিযানের সময় নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা বিপুল পরিমাণ পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গার তীরবর্তী এলাকায় নির্মাণাধীন ভবনের আড়ালে এভাবে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন মজুদের ঘটনায় সংশ্লিষ্টদের ভূমিকা ও এর পেছনের নেপথ্য কারবার খতিয়ে দেখার বিষয়টিও এখন আলোচনায় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।