রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আকস্মিক এ গুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে শুরু হয় ছোটাছুটি।
ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), চা-দোকানি আলমগীর (৩৩) ও পথচারী সিয়াম (১৮)।
আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, ঘটনার সময় তারা নিজ নিজ কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হন। তাদের দাবি, আহত তিনজনের কেউই হামলার সঙ্গে জড়িত ছিলেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তিনি জানান, সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
কারা চালাল গুলি, কেনই বা হামলা?
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আকস্মিক এ গুলির নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে গুলি চালানো হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
