ভূমিকা রানী দাস। ফাইল ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ভূমিকা রানী দাস (১৮) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ভূমিকা রানী দাস উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাস দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলে ভূমিকা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরে তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
