গাংনীর চোখতোলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ। ছবি: সমতল মাতৃভূমি
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় সবজিবোঝাই আলগামন ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইকটি সড়কের পাশে উল্টে পড়ে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ইজিবাইকের যাত্রীরা মেহেরপুরের একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে কুষ্টিয়ায় নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চোখতোলা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি সবজিবোঝাই আলগামন ইজিবাইকটিকে সরাসরি সজোরে ধাক্কা দেয়।
এতে যাত্রীবোঝাই ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। সংঘর্ষের পর ইজিবাইকে থাকা সব যাত্রীই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া জামান জানান, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের পরিচয়
দুর্ঘটনায় আহত আটজনই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা। তাঁরা হলেন—
মোছা. জোনাকি খাতুন, স্বামী শামীম শেখ।
মাঞ্জেরা খাতুন, স্বামী লাল্টু শেখ।
রোজা শেখ, পিতা রিপন আলী।
মেহেদী হাসান, পিতা শামীম শেখ।
আব্দুর রাজ্জাক, পিতা সৈকত আলী।
সিদ্দিক মন্ডল, পিতা জাব্বার মন্ডল।
আব্দুল মান্নান, পিতা জামাত আলী (ইজিবাইকচালক)।
আব্দুল মান্নান, পিতা কিয়ামউদ্দিন শেখ।
হঠাৎ ঘটে যাওয়া এ সংঘর্ষে মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হলেও তাঁদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।
