বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৭, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বরখাস্ত হওয়া কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। শিক্ষার্থী ও সক্রিয় সংগঠনের নেতাকর্মীরা তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন দেবে। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সোমবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা ওই পাঁচ কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন নেতাকর্মীরা। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডোরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন তারা।

এদিকে, কর্মকর্তাদের পুলিশের হাতে হস্তান্তরের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত আনুমানিক ৩টার দিকে ওই পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের গাড়ির পেছনে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।