বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ভরদুপুরে স্কুলছাত্র অপহরণ, অজ্ঞাত আস্তানা থেকে কৌশলে পালিয়ে রক্ষা

মো. হারুন চৌধুরী
নভেম্বর ১৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মাইক্রোবাসে তুলে অচেতন করার অভিযোগ, একই বাড়িতে আরও কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখার দাবি শিশুর। ফাইল ছবি

কুষ্টিয়া শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা র‍্যাব গলি থেকে দিনের আলোয় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সাদা রঙের হাইস মাইক্রোবাসে তুলে শিশুটিকে অচেতন করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে একটি অপরিচিত বাড়িতে আটকে রাখা হলেও কৌশলে সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পায় সে। তবে শিশুটির বর্ণনায় ওই বাড়িতে তার বয়সী আরও কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনায় কুষ্টিয়া শহরজুড়ে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের র‍্যাব গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম তাহমিদ জামান। সে শহরের মিনাপাড়া এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে এবং র‍্যাব গলিতে অবস্থিত লরিয়েস স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শিশু তাহমিদ জামানের বর্ণনা অনুযায়ী, শনিবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর র‍্যাব গলি দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল সে। এ সময় একটি সাদা রঙের হাইস (Hiace) মাইক্রোবাস তার পাশে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই তার মুখে রুমাল চেপে ধরে। এর পরপরই জ্ঞান হারিয়ে ফেলে তাহমিদ।

পরবর্তী সময়ে জ্ঞান ফিরলে নিজেকে একটি অপরিচিত বাড়ির কক্ষে বন্দি অবস্থায় দেখতে পায় সে। তাহমিদের দাবি, ওই বাড়িতে তার বয়সী আরও কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি বুঝে সুযোগের অপেক্ষায় থেকে একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় সে।

অজ্ঞাত ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর দিকবিদিক ছুটতে থাকে শিশুটি। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাহমিদের বাবা মতিউর রহমান জানান, হাটশ হরিপুর ব্রিজ এলাকায় যাওয়ার পথে তিনি রাস্তায় ছেলেকে দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যান।

এ ঘটনায় তাহমিদের বাবা মতিউর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত ওই আস্তানার সন্ধান এবং সেখানে অন্য কোনো শিক্ষার্থী আটকে আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, শিশুটির দেওয়া বক্তব্যের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে শহরের রেনউইক বাঁধসহ সন্দেহভাজন কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এদিকে শহরের র‍্যাব গলির মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা থেকে দুপুরবেলায় একটি স্কুলছাত্রকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। দিনের বেলায় এমন ঘটনা ঘটার অভিযোগে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

ঘটনার পর থেকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে শিশু তাহমিদ ও তার পরিবার। একই সঙ্গে স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের দাবি, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ের সিসিটিভি ফুটেজ দ্রুত বিশ্লেষণ করে মাইক্রোবাসটির গতিবিধি শনাক্ত করতে হবে। পাশাপাশি শিশুটির বর্ণনায় উঠে আসা কথিত বাড়িটির অবস্থান নিশ্চিত করে সেখানে অন্য কোনো শিশু আটকে আছে কি না, তা দ্রুত অনুসন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, একই বাড়িতে আরও কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখার বিষয়টি এখন তদন্তের গুরুত্বপূর্ণ দিক। তবে এ তথ্যের সত্যতা এবং কথিত অপহরণচক্রের অস্তিত্ব এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া বাকি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।