বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ৭১ লাখ টাকার সেতু নির্মাণ করেও সুফল নেই, সংযোগ সড়কের অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ

মিয়াদুল ইসলাম
নভেম্বর ১৮, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়ী ইউনিয়নের পলাশীপাড়া এলাকায় প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দীর্ঘদিনেও চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক (এপ্রোচ রোড) না থাকায় সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি কার্যত অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ, বিশেষ করে কৃষক ও সাধারণ পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মানুষের যাতায়াতব্যবস্থা সহজ করা এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধা নিশ্চিত করতে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক তৈরি না করায় সেতুটি এখনো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে সেতু নির্মাণের পরও এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেনি।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে নেওয়া কিংবা বাড়িতে পৌঁছাতে তাঁদের অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও পরিবহন খরচ দুটোই বাড়ছে। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও প্রয়োজনীয় সংযোগ সড়ক না থাকায় এর কোনো বাস্তব সুফল পাওয়া যাচ্ছে না। সেতুটি দাঁড়িয়ে থাকলেও সেটি দিয়ে যানবাহন তো দূরের কথা, স্বাভাবিকভাবে পথচারীদের চলাচলেরও সুযোগ নেই। সংশ্লিষ্ট দপ্তরের পরিকল্পনা, তদারকি ও কার্যকর উদ্যোগের ঘাটতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী দ্রুত সেতুর উভয় পাশে মাটি ভরাট করে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে সেতুটি চলাচলের উপযোগী করা হলে দুই গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

সরকারি অর্থে নির্মিত জনস্বার্থসংশ্লিষ্ট অবকাঠামো বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জনদুর্ভোগ নিরসন এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।