ন্যায়বিচারের অপেক্ষায় আবেগঘন মুহূর্ত, রোহিঙ্গা ক্যাম্পে রায় ঘিরে আশা-প্রত্যাশা। ফাইল ছবি
বড় পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কার্যক্রম। পর্দার দিকে একদৃষ্টে তাকিয়ে নারী, পুরুষ ও শিশুরা। কারও হাতে ‘থ্যাংক ইউ গাম্বিয়া’ লেখা পোস্টার, কারও চোখে অশ্রু। আদালতের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় শত শত রোহিঙ্গা একত্র হয়েছেন। দীর্ঘদিনের নিপীড়ন, স্বজন হারানোর বেদনা আর ন্যায়বিচারের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে ক্যাম্পজুড়ে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।
বৃহস্পতিবার উখিয়ার ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে দেখা যায় এমন দৃশ্য। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রায় ঘোষণার কার্যক্রম বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘থ্যাংক ইউ গাম্বিয়া’ লেখা পোস্টার হাতে দাঁড়িয়ে থাকেন অনেক রোহিঙ্গা। কারও চোখেমুখে আশার আলো, কেউ আবার নীরবে তাকিয়ে থাকেন আদালতের কার্যক্রমের দিকে।
১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দেশটির আবেদনে রোহিঙ্গাদের লক্ষ্য করে সব ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ এবং গণহত্যার দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ২০১৯ সালে গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে মিয়ানমার সামরিক অভিযান চালিয়েছে।
রায়কে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে ছিল আবেগ, উৎকণ্ঠা ও প্রত্যাশার মিশ্র পরিবেশ। কেউ মোনাজাতে হাত তুলেছেন, কেউ নীরবে চোখের পানি ফেলেছেন। তাদের কাছে এই রায় কেবল আন্তর্জাতিক আদালতের একটি আইনি সিদ্ধান্ত নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানে স্বজন হারানোর স্মৃতি, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসার যন্ত্রণা এবং প্রায় নয় বছর ধরে শরণার্থীজীবনের অনিশ্চয়তা।
দ্য হেগে আদালতের রায় পাঠ
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিট) রায় পাঠ শুরু করেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের সিদ্ধান্ত পাঠ করেন জাপানের এই বিচারপতি। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় আদালতকক্ষে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা কো কো হ্লাইংকেও দেখা যায়।
রায় পাঠের শুরুতে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি উঠে আসে। আদালতের পর্যবেক্ষণে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়ও উল্লেখ করা হয়।
ন্যায়বিচারের অপেক্ষায় রোহিঙ্গারা
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছি আমরা। আইসিজের রায় নিয়ে আশাবাদী। আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও ব্যাপক যৌন সহিংসতার বিষয় উঠে এসেছে। আমরা চাই, শুধু রায় ঘোষণা নয়, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করা হোক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের ওপর চাপ বাড়িয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। আমাদের প্রত্যাশা, এ রায়ের মধ্য দিয়ে একদিন নিজ দেশে ফেরার পথ সুগম হবে।
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য গাম্বিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নে সান লুইন বলেন, প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়। এর সঙ্গে রোহিঙ্গাদের পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগও জড়িত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করতে পারে। তবে রায় ঘোষণার পরপরই প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। এ ধরনের পরিবর্তন বাস্তবায়নে সময় লাগবে।
দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, স্বজন হারানোর ক্ষত আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝে আইসিজের রায় রোহিঙ্গাদের কাছে নতুন আশার বার্তা হয়ে উঠেছে। তবে সেই আশার বাস্তব রূপ দিতে আন্তর্জাতিক চাপ, আইনি সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন তাদের প্রধান প্রত্যাশা।
