রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি কার্ডের নামে এনআইডি-সিম সংগ্রহ, খোলা হচ্ছে নগদ অ্যাকাউন্ট

এস এম বাদল
নভেম্বর ২১, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ, সরকারি সহায়তার আশ্বাসে ব্যক্তিগত তথ্য ও সিম হাতিয়ে নেওয়ার অভিযোগ; তদন্তের আশ্বাস প্রশাসনের। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগকে কেন্দ্র করে কুষ্টিয়ার খাজানগর এলাকায় সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও মোবাইল সিম সংগ্রহের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়ি বাড়ি গিয়ে এসব ব্যক্তিগত তথ্য ও সিম সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। সংগৃহীত তথ্য ব্যবহার করে নতুন সিমে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগও সামনে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর থেকে বটতৈল ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে খাজানগর এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জরিপ কার্যক্রম চলাকালে কয়েকজন বাসিন্দা তথ্যসংগ্রহকারীদের কাছে অভিযোগ করেন, মনির মণ্ডল ও শরিফুল ফকির নামের দুই ব্যক্তি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁদের বাড়িতে গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি ও মোবাইল সিম সংগ্রহ করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, শুধু এনআইডির কপি সংগ্রহেই সীমাবদ্ধ থাকেননি অভিযুক্তরা। কোনো কোনো ক্ষেত্রে নতুন সিম কিনে সেই সিমে নগদ অ্যাকাউন্ট খুলে নিজেদের হেফাজতে রাখার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা পাওয়ার আশ্বাস দিয়ে বলা হয়েছিল, প্রথম মাসের টাকা তাঁরা নেবেন, পরবর্তী মাস থেকে সুবিধাভোগীরা নিজেরাই টাকা পাবেন। এমন আশ্বাসে অনেকে তাঁদের ব্যক্তিগত তথ্য ও সিম তুলে দিয়েছেন বলে অভিযোগ।

খাজানগর উত্তরপাড়ার বাসিন্দা সিমা (২২) অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকেও এনআইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়। পরে ওই তথ্য ব্যবহার করে সিম সংগ্রহ এবং নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে তিনি জানতে পারেন।

একই এলাকার লালজী খাতুনের অভিযোগ, মনির মণ্ডল ও শরিফুল ফকির তাঁদের এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এনআইডির ফটোকপি ও মোবাইল সিম নিয়েছেন। তাঁদের নামে নগদ অ্যাকাউন্ট খুলে সিম নিজেদের কাছে রাখার অভিযোগও করেন তিনি।

এ ছাড়া জোসনা খাতুন, রাবেয়া খাতুন ও মরিয়ম খাতুনসহ একাধিক বাসিন্দা একই ধরনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সরকারি সহায়তার কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ব্যক্তিগত তথ্য ও মোবাইল সিম সংগ্রহ করা হয়েছে। এতে নিজেদের তথ্য ও আর্থিক হিসাবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

ভুল স্বীকার শরিফুলের, দায় এড়ানোর বক্তব্য মনিরের

অভিযোগের বিষয়ে শরিফুল ফকির জানান, গরিব মানুষের কার্ড করে দেওয়ার উদ্দেশ্যে তিনি নগদ-বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। তবে এ বিষয়ে তাঁর ভুল হয়েছে বলে স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও জানান তিনি।

অন্যদিকে, মনির মণ্ডল নিজেকে বিএনপির ওয়ার্ডের সহসভাপতি পরিচয় দিয়ে বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী হান্নানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওটি আমিও দেখেছি। মনির মণ্ডল আমাদের ইউনিয়ন বিএনপির চাচাতো ভাই। আপনি তাঁর সঙ্গে কথা বলুন।

মনির মণ্ডল বিএনপির কর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, আনিছের সঙ্গে আমাদের প্রোগ্রামে আসে।

এ বিষয়ে বটতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আনিছুর রহমান আনিছের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জরিপকর্মীদের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের বটতৈল ইউনিয়নের সুপারভাইজার শ্রাবণী আক্তার বলেন, সারাদেশের মতো বটতৈল ইউনিয়নেও গত ৯ নভেম্বর থেকে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু হয়েছে। এর অংশ হিসেবে খাজানগরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আমাদের পাঁচজন তথ্যসংগ্রহকারী কাজ করছেন। তাঁরা মাঠপর্যায়ে গিয়ে জানতে পারেন, এলাকার অনেক মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে মনির মণ্ডল ও শরিফুল নামে দুই ব্যক্তি এনআইডি কার্ডের কপি ও মোবাইল সিম নিয়েছেন। জরিপকর্মীদের অনেকেই বলেছেন, তাঁরা আগে এসব কাগজপত্র জমা দিয়েছেন। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

ফ্যামিলি কার্ডের মতো সরকারি সহায়তা কর্মসূচির নাম ব্যবহার করে ব্যক্তিগত পরিচয়পত্র ও মোবাইল সিম সংগ্রহের অভিযোগে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, সংগৃহীত এনআইডি ও সিমের অপব্যবহার রোধ এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।