রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দুই বিএনপি নেতা হত্যার জেরে উত্তাল কালিয়া, সাবেক এমপি মুক্তি ও মেয়র লিটনের বাড়িও হামলার তালিকায়। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যাকাণ্ডের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর উপজেলার বেন্দারচর এলাকায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় ভুক্তভোগীরা দাবি করেছেন।

পুলিশের ভাষ্য, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও বিএনপি এবং সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হয়ে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালান। তবে স্থানীয়দের দাবি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়ে একাধিক বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে তার বাড়ির আশপাশের অন্য বাড়িগুলোতে এ ধরনের হামলার ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের কিছু মিথ্যা বলেও দাবি করেছেন তারা।

এদিকে কালিয়া থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করা হয়েছে। পুলিশের বক্তব্য, পূর্বপরিকল্পিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

পুলিশ আরও দাবি করেছে, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং ওই ঘটনায় কোনো হিন্দু পরিবারের সদস্য বা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলা হয়নি। তবে স্থানীয় ভুক্তভোগীদের দাবি, হামলার শিকার বাড়ির সংখ্যা অন্তত ৫০। ফলে হামলার প্রকৃত সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার বিস্তৃতি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালান। ওই ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।

হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

দুই নেতার হত্যাকাণ্ডের পর তাদের স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী বেন্দারচর এলাকায় জড়ো হয়ে হামলা চালান বলে পুলিশের দাবি। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বলেন, এ হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কে বা কারা করেছে, জানি না। আমরা আমাদের দুই নেতাকে হারিয়ে অত্যন্ত শোকাহত।

দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একদিকে হত্যার বিচার ও নিরাপত্তার দাবি, অন্যদিকে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কালিয়ায় উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রকৃত সংখ্যা, ক্ষয়ক্ষতি এবং কারা এসব ঘটনায় জড়িত—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।