ফাইল ছবি
ফরিদপুরের মধুখালীতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন বাংলাদেশের সভাপতি কে.এম. রকিবুল ইসলাম রিপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের এসটিভি নামক একটি ফেসবুক পেজে প্রচারিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ নভেম্বর শুক্রবার রাতে মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কে.এম. রকিবুল ইসলাম রিপন বলেন, আমি দীর্ঘ ২৮ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় আমাকে বিভিন্ন প্রতিকূলতা, মামলা, হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী ও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সাবেক মহাসচিব বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাকে একটি মামলায় আসামি করা হয়েছিল।
তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে একের পর এক একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করে সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এসটিভি নামক একটি অনিবন্ধিত অনলাইন ফেসবুক পেজে মহামান্য উচ্চ আদালতের জামিনসংক্রান্ত একটি বিষয় নিয়ে তাঁর বক্তব্য না নিয়েই ভিডিও ধারণ করে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ এবং পরবর্তী সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সালিশের ঘটনাকে কেন্দ্র করেও তাঁকে জড়িয়ে নেতিবাচক সংবাদ প্রচার করা হয়েছে বলে দাবি করেন রিপন। তাঁর ভাষ্য, এটি ছিল সম্পূর্ণ পারিবারিক বিরোধের বিষয়। অথচ এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য কিংবা সালিশে উপস্থিত কোনো ব্যক্তির বক্তব্য নেওয়া হয়নি। সংবাদগুলোতে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তুলে না ধরে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে।
রিপন বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সংবাদ প্রকাশ করা যেতে পারে। তবে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার দায়িত্বের মধ্যে পড়ে বলে তিনি মনে করেন। তিনি এসটিভির সাংবাদিক পরিচয়দানকারী রাকিবুল হাসান মিঠুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ, মানববন্ধন ও থানায় মামলা হওয়ার বিষয়েও বক্তব্য দেন।
তিনি আরও বলেন, তিনি আইন, গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণসহ উপস্থাপন এবং নিজের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে প্রচারিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কে.এম. রকিবুল ইসলাম রিপন। একই সঙ্গে এসটিভি নামক অনিবন্ধিত ফেসবুক পেজকে অবাঞ্ছিত ঘোষণা করে বয়কটের আহ্বান জানান। পাশাপাশি শুকতারা টিভি নামক ফেসবুক পেজটিও বয়কটের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, সদস্যসচিব তারিকুল ইসলাম এনামুল, মধুখালী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, সদস্যসচিব রায়হান মোল্যা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহম্মদ রজব ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে এসটিভি নামক ফেসবুক পেজের সাংবাদিক পরিচয়দানকারী রাকিবুল হাসান মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগীর সাক্ষাৎকারের ভিত্তিতেই তিনি তাঁর পেজে সংবাদ প্রচার করেছেন। তবে এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
