রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাসর রাতেই হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, নববধূকে নিয়ে উধাও বর

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের আনন্দের মধ্যেই পুরোনো প্রেমের দাবি, অনাগত সন্তানের পিতৃপরিচয় চেয়ে বাড়িতে তরুণী; চাঞ্চল্য নান্দাইলে। ফাইল ছবি

পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে নিয়ে বাড়ি ফিরেছিলেন ওমর ফারুক। নতুন বউকে ঘিরে পরিবার ও স্বজনদের মধ্যে চলছিল আনন্দ-উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাসর রাতেই বাড়ির সামনে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী। দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে। এখন অনাগত সন্তানের পিতৃপরিচয় ও নিজের স্ত্রীর স্বীকৃতি চান তিনি।

এমন দাবিকে কেন্দ্র করে মুহূর্তেই পাল্টে যায় বিয়ের বাড়ির পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান ওমর ফারুক। এ ঘটনায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত ওই তরুণী ফারুকের বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের আইনি প্রতিকার পেতে রোববার তিনি ময়মনসিংহ শহরে গেছেন। তবে যে ব্যক্তির কাছে অনাগত সন্তানের পিতৃপরিচয় ও নিজের স্বীকৃতি দাবি করছেন, সেই ফারুকের দেখা পাননি তিনি।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ে করেন ওমর ফারুক। নববধূকে নিয়ে বাড়ি ফেরার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিয়ের আনন্দে মেতে ছিলেন। এরই মধ্যে এক অন্তঃসত্ত্বা তরুণীর আগমন এবং ফারুকের সঙ্গে সম্পর্কের দাবি ঘিরে বাড়িতে শুরু হয় অস্বস্তি ও উত্তেজনা। বিয়ের পরদিনই সামনে আসে পুরোনো সম্পর্কের এমন অভিযোগ।

ওই তরুণীর দাবি, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তরুণীর ভাষ্য, কিছুদিন পর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ফারুককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু বিয়ের বিষয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন ফারুক। একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে অনাগত সন্তানের ভবিষ্যৎ ও নিজের সামাজিক পরিচয় নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।

অভিযোগ অনুযায়ী, বারবার যোগাযোগের চেষ্টা করেও ফারুকের সাড়া পাননি ওই তরুণী। এর মধ্যেই বৃহস্পতিবার অন্য এক নারীকে বিয়ে করেন ফারুক। এ খবর জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত অনাগত সন্তানের পিতৃপরিচয় ও নিজের স্বীকৃতি আদায়ের দাবিতে ফারুকের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তরুণীর দাবি, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ফারুকের বাড়িতে পৌঁছে অবস্থান নেন।সরাসরি ফারুকের সঙ্গে কথা বলে নিজের ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাড়িতে গিয়ে ফারুককে পাননি।

এদিকে বাড়িতে উপস্থিত ছিলেন ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার। তার দাবি, পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে আনার পর রাতে ওই তরুণী এসে ফারুকের সঙ্গে সম্পর্কের কথা জানান। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি করেন নাজমা।

নাজমা আক্তারের ভাষ্য, ওই তরুণী একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং আত্মহত্যার হুমকি দেন। এমন পরিস্থিতি এড়াতে ফারুক নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।

বিয়ের পরপরই পুরোনো সম্পর্কের দাবি, অন্তঃসত্ত্বা তরুণীর পিতৃপরিচয় চাওয়া এবং নববধূকে নিয়ে বরের বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে তরুণীর অভিযোগের সত্যতা, অনাগত সন্তানের পিতৃত্ব এবং এ বিষয়ে ওমর ফারুকের বক্তব্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সূত্রপাত ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানা এলাকায় হওয়ায় সেখানেই তাকে আইনি ব্যবস্থা নিতে হবে।

তিনি জানান, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট থানার এখতিয়ারভুক্ত হওয়ায় ভুক্তভোগীকে সেখানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।