মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনভিডিয়ায় জেনসেন ফেরায় বাজার চাঙা, ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
নভেম্বর ২৪, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্বর্ণের দামেও জেনসেন হুয়াংয়ের এনভিডিয়ায় ফেরার প্রভাব পড়েছে। ছবি: এএফপি/কোলাজ

জেনসেন হুয়াংকে এনভিডিয়ার সিইও পদে পুনর্বহালের খবরে বাজার চাঙা হয়েছে। বড় দরপতনের পর একই সময়ে স্বর্ণের দামও বেড়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার স্বর্ণের ফিউচার্স বা ভবিষ্যত চুক্তির বাজারে দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৬৪৯ দশমিক ২০ ডলারে ওঠে। তবে এটি গত সপ্তাহে দরপতনের আগের সময়ের তুলনায় এখনো কম।

সম্পদভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থিও’র প্রধান বিনিয়োগ কর্মকর্তা ইগি ইয়োপ্পে বলেন, এনভিডিয়ার খবরের পর বিভিন্ন বাজারে কেনাকাটা বেড়েছে। এতে স্বর্ণের দামও ঘুরে দাঁড়িয়েছে।

ইগি ইয়োপ্পে বলেন, জেনসেনের ফিরে আসার খবরটি বিস্ময়কর ছিল। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওজুড়ে ব্যাপক কেনাকাটা শুরু করেছেন। এ কারণে স্বর্ণের দাম বেড়েছে। সামগ্রিক বাজারও ব্যাপকভাবে চাঙা হয়েছে। কারণ, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে, বিশেষ করে এই শিল্পের মূলধনী ব্যয়।

এনভিডিয়ার উন্নত চিপ এআই খাতের অন্যতম প্রাণ। জেনসেনের পদত্যাগের পর প্রযুক্তিটির সম্প্রসারণ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এছাড়া, এনভিডিয়ায় অস্থিরতা, সুদের হার আরও বৃদ্ধির শঙ্কা এবং মার্কিন ডলার শক্তিশালী হওয়ার কারণে সম্প্রতি স্বর্ণের দামে পতন ঘটে।

এআই নিয়ে উদ্বেগ ও এনভিডিয়ার অস্থিরতার মধ্যে শেয়ারবাজারেও ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়েছিল। একইসঙ্গে ডলার শক্তিশালী হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের পক্ষে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে যায়। যা মূল্যবান ধাতুর চাহিদায় ভাটা ডেকে আনে।

বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা বলেন, শেয়ারবাজারে দরপতনের সময় স্বর্ণের দাম কমে যাওয়াটা একটি সাধারণ প্রবণতা। এই সময় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহের দিকে ঝোঁকেন।

স্বর্ণের দাম পুনরুদ্ধারের মধ্যেও ব্যবসায়ীরা মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যত মুদ্রানীতির দিকে নজর রাখছেন। ফেডের সুদের হার নিয়ে পূর্বাভাস দেওয়ার প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ শতাংশ।

থিও’র ইগি ইয়োপ্পে বলেন, ‘আমার ধারণা, মূল্যস্ফীতি বর্তমান পর্যায়েই চলতে থাকবে এবং ফেড আরও কঠোর মুদ্রানীতি চালিয়ে যাবে।

ভবিষ্যতে স্বর্ণের দাম আরও ঘুরে দাঁড়াবে এমন নিশ্চয়তা নেই। গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা বলেন, বছর শেষ হওয়ার আগে কিছু হেজ ফান্ড (এক ধরনের বেসরকারি বিনিয়োগ তহবিল) সম্ভবত নতুন বিনিয়োগে আগ্রহ দেখাবে না। ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা থাকায় তারা স্বর্ণের মজুত বাড়ানোর সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারে।

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের পণ্যবাজারবিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হামাদ হুসেইন এক নোটে লিখেছেন, স্বর্ণের দাম কমানোর পেছনে যেসব কারণ কাজ করে যেগুলো দীর্ঘস্থায়ী হতে পারে।

হামাদ লিখেছেন, আগামী এক বছর বা তার কিছু বেশি সময়ের মধ্যে ডলারের মান ও বাস্তব সুদের হার কমার আশা আছে। তবে নিকট ভবিষ্যতে এ দুটি উচ্চ পর্যায়েই থাকতে পারে। কারণ ফেড সম্ভবত সুদের হার আরও বাড়াবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।