মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর দেন ব্যবসায়ীরা, সুবিধা পায় না তারা—প্রাক-বাজেট আলোচনায় তীব্র অসন্তোষ উদ্যোক্তাদের

আবদুর রহমান
এপ্রিল ১৩, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডিসিসিআই-সমকাল-চ্যানেল ২৪ আয়োজিত সভায় করব্যবস্থার বৈষম্য, আমলাতান্ত্রিক জটিলতা ও বিনিয়োগ সংকট নিয়ে ক্ষোভ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬–২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা করব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ—নিয়মিত করদাতাদের ওপরই বারবার চাপ বাড়ানো হচ্ছে, অথচ বড় একটি অংশ এখনো করের আওতার বাইরে রয়ে গেছে। ফলে করের বোঝা বহন করতে হচ্ছে একই গোষ্ঠীকে।

সভায় বক্তারা বলেন, কর দিলেও সে অনুযায়ী সেবা বা সুবিধা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বরং করব্যবস্থার নানা জটিলতা ও অস্বচ্ছতার কারণে ভোগান্তিই বাড়ছে। তাদের ভাষ্য—কর দেন ব্যবসায়ীরা, আর সুবিধা পান রাজস্ব কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে এবং প্রতিবছর প্রায় ৬ বিলিয়ন ডলার পরিশোধ করতে হচ্ছে। ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর আলোচনা দীর্ঘদিনের হলেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর ফলে একই করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক।

তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়ন এখন একটি বড় চ্যালেঞ্জ। সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন, আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক লেনদেনে চাপ, জ্বালানি সংকট এবং উচ্চ সুদহার—সব মিলিয়ে বিনিয়োগ পরিবেশ কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা রপ্তানিমুখী শিল্পকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রাহমান কর প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানিমূলক আচরণের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, কর ব্যবস্থার অটোমেশন নিয়ে বহুদিন ধরে আলোচনা হলেও বাস্তবায়ন হয়নি। তার মতে, অটোমেশন চালু হলে দুর্নীতির সুযোগ কমে যাবে—যা কিছু অসাধু কর্মকর্তার স্বার্থের বিরুদ্ধে যায়। তিনি দাবি করেন, রাজস্ব কর্মকর্তারা কমিশন বা বোনাস হিসেবে বড় অঙ্কের সুবিধা পেয়ে থাকেন, যা পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি করব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত অটোমেশন বাস্তবায়নের আহ্বান জানান এবং প্রান্তিক পর্যায়ে বিনিয়োগ বাড়াতে কার্যকর প্রণোদনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মনজুর হোসেন, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ, আইসিএমএবি সভাপতি মো. কাওসার আলম, আইসিএবি সভাপতি এন কে এ মবিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ইউসিবি চেয়ারম্যান শরীফ জহীরসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা একটি বাস্তবসম্মত, সময়োপযোগী ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান, যাতে করের ভারসাম্য বজায় থাকে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।