মরমি সাধক ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদা, সুশৃঙ্খল পরিবেশ ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসান।
সভায় লালন সাঁইয়ের তিরোধান দিবস সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতি বছরের মতো এবারও তিরোধান দিবসের আয়োজন ঘিরে আখড়াবাড়িতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত, সাধু ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হয়।
এ উপলক্ষে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ঘিরে আখড়াবাড়িতে যাতে দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে অবস্থান ও অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন এবং কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ কুষ্টিয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লালন একাডেমির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
