বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ট্র্যাপ টিম।

আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখেন সাব-রেজিস্ট্রার।

অভিযোগ অনুযায়ী, দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুস দাবি করেন। পরে নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। এরপর দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুস গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।