বাঁ থেকে ডিএমপির লোগো, র্যাবের লোগো ও সিআইডির লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র্যাব, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি) ও রংপুর মেট্রোপলিটন পুলিশসহ গুরুত্বপূর্ণ ইউনিটে ১৭ জন পুলিশ কর্মকর্তাকে নতুন পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আগে জারি করা দুটি পৃথক বদলির আদেশও বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিফ আহমেদ।
র্যাব-ডিএমপিতে গুরুত্বপূর্ণ পদায়ন
প্রথম প্রজ্ঞাপনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) মো. হুমায়ুন কবিরকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) করা হয়েছে।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম-কে ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
আরপিএমপিতে নতুন কমিশনার
দ্বিতীয় প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মুঃ মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) করা হয়েছে।
নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মোহাম্মদ নূরুল আমীন, পিপিএম (বার)-কে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আগে জারি করা দুটি বদলির আদেশ বাতিল করা হয়। এর মধ্যে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে বদলির আদেশ এবং গত ৫ মে ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে নড়াইলের পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামীকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
পিবিআই ও সিআইডিতেও বড় পরিবর্তন
তৃতীয় প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পিপিএম-সেবাকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসবির বিশেষ পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবার আগের আদেশ বাতিল করে তাকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আব্দুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেন, পিপিএম-সেবাকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস, এম, সিরাজুল হুদা, পিপিএম (বার)-কে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম, পিপিএম-সেবাকে এপিবিএনের পুলিশ সুপার এবং এসএমপির উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবির, বিপিএসসি-কে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে একসঙ্গে এ ধরনের বড় পরিসরের রদবদলে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় নতুন সমন্বয় তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। তবে প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কারণ হিসেবে ‘জনস্বার্থে’ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
