প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ ও ড্রেন নির্মাণের দাবি স্থানীয়দের। ছবি: সমতল মাতৃভূমি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া পৌর আশ্রয়ণ প্রকল্পে প্রায় এক কিলোমিটার মেঠোপথ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষা এলেই কাদা-পানি আর জলাবদ্ধতায় সড়কটি পরিণত হয় দুর্ভোগের পথে। শুধু সড়ক নয়, প্রকল্পের অভ্যন্তরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।
প্রকল্পের বাসিন্দারা জানান, খয়েরবাড়ী হাটগামী মূল পাকা সড়ক থেকে বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার মেঠোপথটি দীর্ঘদিন ধরে সংস্কার বা পাকাকরণ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও উদ্যোগের অভাবে বর্ষা মৌসুমে সড়কটি কাদা-পানিতে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল ব্যাহত হয়।
আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ বাসিন্দাই শ্রমজীবী। তাদের অনেকেই রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বর্ষাকালে সড়কের বেহাল দশার কারণে অনেক সময় রিকশা-ভ্যান নিয়ে তারা ঘর থেকে বের হতে পারেন না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়তে হয় বলে জানিয়েছেন তারা।
বাসিন্দাদের অভিযোগ, দুর্ভোগ শুধু যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়। আশ্রয়ণ প্রকল্পের ভেতরেও রয়েছে পানি নিষ্কাশনের মারাত্মক সমস্যা। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। দিনের পর দিন পানি জমে থাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগের আশঙ্কাও দেখা দিয়েছে।
