শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বোমা হামলার আশঙ্কা: দেশজুড়ে পুলিশকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

স্টাফ রিপোর্টার
আগস্ট ৮, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সারা দেশে সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এ নির্দেশনা জারি করা হয়।

পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় বলা হয়, দেশের প্রতিটি জেলায় রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে সারা দেশে বোমা হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কার তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশব্যাপী এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিট প্রধানদের কাছেও পৃথক বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। এবারও গোয়েন্দা তথ্য অনুযায়ী বোমা হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে, যা উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা ঘটাতে পারে। এ কারণেই সারা দেশের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।