শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভায় প্রথম রদবদল, স্থানীয় সরকারে মঈন খান—তথ্য মন্ত্রণালয়ে পার্থ

বিশেষ প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

আবদুল মঈন খান ও আন্দালিব রহমান পার্থ

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যার পর নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরই মন্ত্রিসভায় এ পরিবর্তন আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই রদবদলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মন্ত্রিসভায় শুধু এই দুই মন্ত্রণালয়েই পরিবর্তন সীমাবদ্ধ থাকছে না। আরও কিছু গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হতে পারেন।

ইতোমধ্যে সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বঙ্গভবনে উপস্থিত হয়েছেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শপথ নেয়। ওইদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

এরপর মন্ত্রিসভায়ও কিছু পরিবর্তন আসে। প্রতিমন্ত্রীদের মধ্যে কায়সার কামাল গত মার্চে ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। অন্যদিকে, গত ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন।

এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটিও শূন্য হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল। সেই আলোচনায় এবার আবদুল মঈন খানের নাম সামনে এসেছে।

এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

সব মিলিয়ে নতুন রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় এই প্রথম বড় ধরনের রদবদল হতে যাচ্ছে, যা সরকারের দায়িত্ব বণ্টনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।