বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কুষ্টিয়ার পুলিশ সুপার

এস এম বাদল
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। ছবি: সমতল মাতৃভূমি

মাদক, কিশোর গ্যাং ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কিশোর-তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন গঠনমূলক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

মঙ্গলবার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে।

তিনি আরও বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না; এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপার বলেন, এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সবল, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় রয়েছে জেলা পুলিশের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কাবাডি খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রথম দিনেই মাঠে উত্তেজনা, কুমারখালী ও সদর টিম-২-এর জয়

কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা-২০২৬-এর প্রথম দিনেই মাঠে ছিল টানটান উত্তেজনা। চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দুটি ম্যাচ।

প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুমারখালী থানা ও খোকসা থানা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুমারখালী থানা ৬৩ পয়েন্ট অর্জন করে, বিপরীতে খোকসা থানা পায় ১৬ পয়েন্ট। ফলে ৪৭ পয়েন্টের বড় ব্যবধানে জয় পায় কুমারখালী থানা।

দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় কুষ্টিয়া সদর থানা টিম-১ ও কুষ্টিয়া সদর থানা টিম-২। খেলায় সদর থানা টিম-১ অর্জন করে ৪৬ পয়েন্ট এবং সদর থানা টিম-২ পায় ৭৪ পয়েন্ট। ফলে ২৮ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে কুষ্টিয়া সদর থানা টিম-২।

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের পাশাপাশি তরুণদের খেলাধুলামুখী করতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।