শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘স্বাধীন গণমাধ্যমই টেকসই গণতন্ত্রের ভিত্তি’—সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আগস্ট ৭, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

সরকার স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। একই সঙ্গে গণমাধ্যম ও গণতন্ত্র—দুটি একে অপরের পরিপূরক; একটির শক্তি অন্যটির বিকাশকে ত্বরান্বিত করে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে অতীতের মতো কোনো নিয়ন্ত্রণ নেই। অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারাও সরকারের বর্তমান অবস্থানকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। আলোচকদের এই পর্যবেক্ষণ ও মতামত সরকারপ্রধানের কাছেও পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

গণমাধ্যমের ভবিষ্যৎ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম যেমন টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি একটি গণতান্ত্রিক পরিবেশও শক্তিশালী গণমাধ্যম বিকাশের পূর্বশর্ত। তাই এই দুই বিষয়কে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, সংবাদমাধ্যম শুধু একটি সামাজিক প্রতিষ্ঠান নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পখাতও। ফলে এ খাতে বিনিয়োগ, পরিচালনা ও মুনাফার বিষয় যেমন রয়েছে, তেমনি জনস্বার্থ রক্ষা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মতো মৌলিক দায়িত্বও রয়েছে। এজন্য এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন, যেখানে মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও সরকারের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, কার্যকর নীতিমালার মাধ্যমে সরকার একটি সুস্থ, স্বচ্ছ ও টেকসই গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে চায়। এমন পরিবেশ নিশ্চিত করা গেলে এ খাতে বিনিয়োগ বাড়বে, সাংবাদিকদের উন্নত বেতন-কাঠামো, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক তথ্য ও অপতথ্যের লড়াই। তাই বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতাই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। একই সঙ্গে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করাও সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যা রাষ্ট্র ও সমাজের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। তাই এ পেশার মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তবে এ লক্ষ্য অর্জনে সরকার একা নয়; গণমাধ্যমের মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।