ছবি : সংগৃহীত
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক চারটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প, বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি কর্তৃক পৃথক চারটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী ও বাংলাদেশ অভ্যন্তর থেকে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫-৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও বহনকারী ব্যক্তিরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকের ছবি
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
