রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দুপুর পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮) শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন। এ ছাড়া সাংবাদিক পরিচয়ে সেখানে আসা যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)-কেও আটক করা হয়। আরও দুইজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আটক চারজনকেই ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে।

এদিকে মব সৃষ্টি করতে এসে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজন যুবককে সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে সেখান থেকে পালিয়ে যেতে দেখা গেছে।

২০২৪ সালের ৫ আগস্টে বঙ্গবন্ধু ভবনে ব্যাপক ভাঙচুর-লুটপাট

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। ওই দিন বিকেল ৪টা থেকে ভবনটির ভেতরে থাকা ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের প্রায় সব স্মৃতিচিহ্ন গুঁড়িয়ে দেওয়া হয়।

ধানমন্ডি ৩২ নম্বর থেকে চারজনকে আটক করা হয়েছে

সেখানে থাকা মুক্তিযুদ্ধের দুর্লভ স্মৃতিচিহ্ন, বই, কাগজপত্র ও মূল্যবান সামগ্রী পুড়িয়ে দেওয়া অথবা লুটপাট করা হয়। পাশাপাশি ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের’ কার্যালয় হিসেবে ব্যবহৃত আরও তিনটি বহুতল ভবনেও ভাঙচুর চালানো হয়।

ওই দিন বঙ্গবন্ধু ভবনের সামনে ধানমন্ডি লেকসংলগ্ন খোলা চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বই ও স্মারক বিক্রির স্টলসহ অন্যান্য স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু ভবন-সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন সান্তুর রেস্টুরেন্টেও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন ভবনের সামনে পার্ক করা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরদিন ৬ আগস্ট সকালে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও আশপাশের ভবনসহ সান্তুর রেস্টুরেন্ট থেকে কমপক্ষে চারটি দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

পরের বছরও ফের ভাঙচুর, আগুন ও লুটপাট

অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৫ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু ভবনে আরেক দফা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

সে সময় এক্সক্যাভেটর (খননযন্ত্র), ক্রেন ও বুলডোজার এনে বঙ্গবন্ধু ভবনসহ সামনে-পেছনের তিনটি ভবনের অবশিষ্ট অংশ, সামনের উঁচু দেয়াল ও লোহার গেটগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপরও পরবর্তী তিন-চার দিন সেখানে হাতুড়ি ও শাবল দিয়ে ভাঙাভাঙি এবং লুটপাট চলতে থাকে।

ধানমন্ডি ৩২ নম্বরে শনিবারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও চারজন আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকাটিতে দিনভর ছিল টানটান পরিস্থিতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।