সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৭, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পদোন্নতির জট খুলতে শুরু করেছে। হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে সাব-অফিসার থেকে স্টেশন অফিসার পদে ২২০ জনের পদোন্নতিতে এখন আর আইনগত কোনো বাধা থাকছে না। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ২৫০ জন ‘লিডার’ পদ থেকে ‘সাব-অফিসার’ এবং প্রায় ৩০০ জন ‘ফায়ারফাইটার’ পদ থেকে ‘লিডার’ পদে পদোন্নতি পাবেন। সব মিলিয়ে অধিদপ্তরের প্রায় ৭৭০ জন কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতি বাস্তবায়নের পথ উন্মুক্ত হতে যাচ্ছে।

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তৃণমূলের ফায়ারফাইটাররা পদোন্নতি জট নিরসনে ডিজিসহ সংশ্লিষ্টদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। কাঙ্ক্ষিত পদোন্নতির দ্বার খুলে যাওয়ায় ফায়ারফাইটারসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও স্বস্তি।

এদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসারের (স্টেশন অফিসার) পদটি দীর্ঘদিন ধরে ১২তম গ্রেডে থাকায় যোগ্য কর্মকর্তা ধরে রাখা দিন দিন কঠিন হয়ে পড়েছে। উপজেলা পর্যায়ে প্রায় ২৬টি দপ্তরের কর্মকর্তারা ৯ম গ্রেডে এবং ইউনিয়ন পর্যায়ের সরকারি ও প্রশাসনিক কর্মকর্তারা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসাররা এখনও ১২তম গ্রেডে রয়েছেন। ফলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে অনেকে যোগদান করলেও পদমর্যাদার বৈষম্যের কারণে পরবর্তীতে অন্য চাকরিতে চলে যাচ্ছেন।

বর্তমানে উপজেলা পর্যায়ে স্টেশন অফিসারের ৫৩৮টি পদের বিপরীতে ৪৪২টি পদই শূন্য রয়েছে। বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় অগ্নিনির্বাপণ, উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম পরিচালনায় বড় ধরনের জটিলতা তৈরি হচ্ছে। তবে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের ফলে পদোন্নতিযোগ্য ১৬৩টি শূন্য পদ পূরণ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুধু পদোন্নতির জট খোলাই নয়, স্টেশন অফিসার পদটি ১২তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে সম্মতি দিয়েছে। বর্তমানে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে বিবেচনাধীন রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, স্টেশন অফিসার পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হলে যোগ্য ও দক্ষ কর্মকর্তারা এ পদে দীর্ঘমেয়াদে কাজ করতে আরও আগ্রহী হবেন। এতে জনবল সংকট কমার পাশাপাশি ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বহুগুণ বাড়বে। একই সঙ্গে কর্মকর্তাদের মনোবল চাঙ্গা হবে এবং উপজেলা পর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় জরুরি সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

দীর্ঘদিনের পদোন্নতি জট খুলে প্রায় ৭৭০ কর্মকর্তা-কর্মচারীর ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ার পাশাপাশি স্টেশন অফিসার পদ ১০ম গ্রেডে উন্নীত হলে ফায়ার সার্ভিসের সাংগঠনিক সক্ষমতাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, উদ্ধার অভিযানসহ নানা দুর্যোগে জীবন বাজি রেখে কাজ করা ফায়ারফাইটারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।