নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক সহযোগিতা ও চলতি বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা। ফাইল ছবি
চলতি বছরের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে জেসিআই ঢাকা অ্যাচিভার্সের ২০২৬ সালের দ্বিতীয় সাধারণ সদস্যসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের জন্য আতিথেয়তা-সুবিধা নিশ্চিত করতে কাজী রিসোর্ট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর গুলশান-২-এর ক্লাব জেসিআইয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেসিআই ঢাকা অ্যাচিভার্সের পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন কমিটির দায়িত্বশীল ব্যক্তি, জ্যেষ্ঠ ও নতুন সদস্য এবং জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় পরিচালনা পর্ষদের দুই প্রতিনিধি অংশ নেন।
সভায় জেসিআই ঢাকা অ্যাচিভার্সের স্থানীয় সভাপতি এ. ফাত্তাহ আসিফ চলতি বছরের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, সম্পন্ন ও চলমান কার্যক্রম এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। বছরের শুরুতে নির্ধারিত কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি ও সাম্প্রতিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আসন্ন কর্মসূচি সম্পর্কেও সদস্যদের অবহিত করা হয়।
আলোচনায় সংগঠনটির ‘রিস্কিল’ উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়। মালয়েশিয়ার জেসিআই কুয়ালালামপুরের সঙ্গে যৌথভাবে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরির বিষয়টি তুলে ধরা হয়। এ ছাড়া বিভিন্ন দেশের জেসিআই সংগঠনের সঙ্গে চলমান সহযোগিতা, অনলাইনভিত্তিক কার্যক্রম এবং অন্যান্য নির্ধারিত কর্মসূচির অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।
সভায় জেসিআই ঢাকা অ্যাচিভার্সের ‘ইনভেস্টর মিটআপ ৩.০’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। গত বছরের ‘ইনভেস্টর মিটআপ ২.০’-এর ধারাবাহিকতায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। জেসিআই বাংলাদেশের জাতীয় কর্মসূচির সময়সূচি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানের তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন্স’ (টয়প) ২০২৬ কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ, পারিবারিক ভ্রমণসহ আসন্ন বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।
সভায় জেসিআই বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন পরিচালক জাফির শাফি চৌধুরী বক্তব্য দেন। তিনি জেসিআই ঢাকা অ্যাচিভার্সের কার্যক্রম ও ঐতিহ্যের কথা উল্লেখ করে নতুন সদস্যদের নেতৃত্ব বিকাশে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। জেসিআইয়ের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আগামী ১১ থেকে ১৫ নভেম্বর ফিলিপাইনের ক্লার্কে অনুষ্ঠিতব্য জেসিআই বিশ্ব কংগ্রেস ২০২৬-এ সদস্যদের অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি টয়প ২০২৬ কার্যক্রম সম্পর্কেও তিনি সদস্যদের অবহিত করেন।
এরপর জাতীয় সহসভাপতি তৌফিক হাসান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়। পরে জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে জেসিআই ঢাকা অ্যাচিভার্সের সদস্যদের যৌথ আলোকচিত্র গ্রহণ করা হয়।
সভা শেষে জেসিআই ঢাকা অ্যাচিভার্স ও কাজী রিসোর্ট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। জেসিআই ঢাকা অ্যাচিভার্সের পক্ষে স্থানীয় সভাপতি এ. ফাত্তাহ আসিফ এবং কাজী রিসোর্ট লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান জনবল কর্মকর্তা এমডি রুবেল আহমেদ এতে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, কাজী রিসোর্ট লিমিটেড জেসিআই ঢাকা অ্যাচিভার্সের পছন্দনীয় আতিথেয়তা সহযোগী হিসেবে কাজ করবে। এর আওতায় জেসিআই বাংলাদেশের সদস্যদের জন্য বিশেষ মূল্যছাড়, মৌসুমি আয়োজন এবং বিভিন্ন অভিজ্ঞতাভিত্তিক সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। এসব সুবিধা সংশ্লিষ্ট শর্ত ও প্রযোজ্য নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে সদস্যদের জন্য নির্দিষ্ট সুবিধা পাওয়ার পাশাপাশি জেসিআই ঢাকা অ্যাচিভার্স ও বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সভায় জেসিআই ঢাকা অ্যাচিভার্সের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, স্থানীয় সহসভাপতি এস কে মান্নাফ শাওন, স্থানীয় পরিচালক এম. এস. শাফকাত তানজিমসহ বিভিন্ন কমিটির দায়িত্বশীল ব্যক্তি, জ্যেষ্ঠ সদস্য ও নতুন সদস্যরা উপস্থিত ছিলেন। নেতৃত্ব বিকাশ, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, ব্যবসা ও শিক্ষাভিত্তিক উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে ২০২৬ সালের বাকি সময়ের কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।
