পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল মোটরসাইকেল র্যালি, নির্বাচনী প্রচারে নতুন উদ্দীপনা। ছবি: সমতল মাতৃভূমি
মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী ধানখোলা ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব জনপদে রূপান্তরের অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নূর ইসলামের সমর্থকরা। পেশাজীবী, কৃষক, শ্রমিক, তরুণ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি পরিণত হয় এক বিশাল জনসমাগমে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় ইউনিয়নের জুগিন্দা বাজার থেকে র্যালিটি শুরু হয়। শত শত মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। র্যালিকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে চেয়ারম্যান পদপ্রার্থী নূর ইসলামকে অভিনন্দন জানান।
‘অবহেলা ও অনগ্রসরতা থেকে ধানখোলাকে বের করে আনতে চাই’
র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে চেয়ারম্যান পদপ্রার্থী নূর ইসলাম বলেন, ধানখোলা ইউনিয়নকে অবহেলা ও অনগ্রসরতা থেকে বের করে এনে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন নূর ইসলাম।
মাদক, কিশোর গ্যাং ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নূর ইসলাম আরও বলেন, “আমাদের ইউনিয়ন থেকে মাদক, কিশোর গ্যাং এবং সব ধরনের দুর্নীতি চিরতরে আপনাদের সাথে নিয়ে মুছে ফেলা হবে। তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলার মাঠের উন্নয়নসহ প্রয়োজনীয় সামাজিক অবকাঠামো গড়ে তোলা হবে। এ ছাড়া সরকারি সকল অনুদান ও উন্নয়নমূলক কাজের বরাদ্দ যেন শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ধানখোলা ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনের জন্য জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর অঙ্গীকার।
নির্বাচনে সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার প্রত্যাশা
র্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন নূর ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষ সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নিয়ে এলাকার প্রকৃত উন্নয়ন ও পরিবর্তনের পক্ষেই রায় দেবেন।
ধানখোলা ইউনিয়নকে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আয়োজিত এ মোটরসাইকেল র্যালিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
