উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই, নেই প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরিচয়—ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ফাইল ছবি
শিশুদের জন্য বাজারজাত করা হচ্ছে চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই ও হালুয়ার মতো খাদ্যপণ্য। অথচ এসব পণ্যের গায়ে নেই উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কোনো পরিচয়। এমন অনিয়মের দায়ে মেহেরপুর সদর উপজেলার তাঁতীপাড়া এলাকার ‘হৃদয় ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে এ অনিয়মের চিত্র উঠে আসে।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে শিশুদের জন্য বিক্রিত চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই ও হালুয়াসহ বিভিন্ন খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য উল্লেখ ছিল না। এভাবে তথ্যবিহীন পণ্য বাজারজাত ও বিক্রি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানকালে ব্যবসায়ীকে নিয়মিত ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান অভিযানটি পরিচালনা করেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং অনিরাপদ ও মানহীন পণ্যের বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
