রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে শতাধিক আইইডি বোমা, অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও বিস্ফোরক মজুতের সন্দেহ, জব্দ ২ অটোরিকশা ও মোটরসাইকেল। গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান চালান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুটি অটোরিকশার চালকসহ দুজনকে আটক করা হয়েছে। অভিযানে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়।

বিজিবির এ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এসব সামগ্রী বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।

রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া শতাধিক আইইডি বোমা এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, দেশের চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে থাকতে পারে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক দুজনের পরিচয়, তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং এই চক্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চক্রটির নেটওয়ার্ক, সরবরাহের উৎস এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা উদ্ঘাটনে তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।