প্রতীকী ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৮টার দিকে পৌর শহরের তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইসাহাক আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে লালমনিরহাট থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় মিঠাপুকুরগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কর্মস্থলে যাওয়ার পথে আনন্দপাড়া সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মাইদুল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
