ফাইল ছবি
আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, চিকিৎসা বিজ্ঞানে নতুন উদ্ভাবন, গবেষণার বিস্তৃতি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস) বাংলাদেশ চ্যাপ্টারের ৪র্থ বার্ষিক সম্মেলন ও ১০ম বার্ষিক সাধারণ সভা। সম্মেলনে দেশের প্রথিতযশা সার্জন, গবেষক ও নবীন চিকিৎসকরা অংশ নিয়ে আধুনিক সার্জারির নানা দিক, চিকিৎসার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে দিনব্যাপী এ বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শল্যচিকিৎসার নতুন প্রযুক্তি, গবেষণালব্ধ জ্ঞান, চিকিৎসার আধুনিক পদ্ধতি এবং রোগীকেন্দ্রিক সেবার উৎকর্ষ নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পর্যালোচনা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিএস বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা গভর্নর অধ্যাপক মুর্তজা কে. আই. কিউ. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাদরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর।
দিনব্যাপী সম্মেলনে আধুনিক শল্যচিকিৎসার বিভিন্ন শাখা, চিকিৎসা ক্ষেত্রে নতুন উদ্ভাবন, গবেষণার অগ্রগতি, রোগীর নিরাপত্তা, চিকিৎসাসেবার উৎকর্ষ ও গুণগত মানোন্নয়ন নিয়ে চারটি বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন প্রবন্ধ ও গবেষণাপত্র উপস্থাপন করেন। পাশাপাশি তরুণ চিকিৎসকদের জ্ঞান, দক্ষতা ও মেধা বিকাশে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা, যা সম্মেলনে নবীন চিকিৎসকদের অংশগ্রহণকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শল্যচিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, চিকিৎসকদের দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করা এবং রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, অভিজ্ঞতা বিনিময় ও নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা অর্জনের মাধ্যমে দেশের সার্জারি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের পথ সুগম হয়।
দিনব্যাপী বৈজ্ঞানিক আয়োজনের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় এসিএস বাংলাদেশ চ্যাপ্টারের ১০ম বার্ষিক সাধারণ সভা ও সমাপনী অনুষ্ঠান। সম্মেলনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে সহযোগিতা করে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস।
