বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেপটাউনে বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সম্পর্ক জোরদারে ‘পার্লামেন্টারি ডিপ্লোমেসি’তে জোর, বাড়াতে চান দুই দেশের জনগণের যোগাযোগ। ফাইল ছবি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও জোরদারে ‘পার্লামেন্টারি ডিপ্লোমেসি’ বা সংসদীয় কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংসদীয় নেতারা।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সোমবার বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জাতীয় সংসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কায়সার কামাল বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের সংসদীয় নেতারা। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা। সংসদীয় কূটনীতিকে কাজে লাগিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষই গুরুত্ব দেয়।

বৈঠক শেষে পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিককে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জবাবে পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।